আব্দুল্লাহ্ আল মামুন || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ
পঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী পনেরো বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। বুধবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত কিশোরকে আসামি করে দেবীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন।
অভিযুক্ত অনিক রায় পৌরসভার মুন্সিপাড়া এলাকার সুগ্রীব রায়ের ছেলে। অভিযুক্ত কিশোর ও ভুক্তভোগী শিশুর বাসা পাশাপাশি। অনিক স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র। জানা যায়, গত ১৪ই সেপ্টেম্বর বিকালের দিকে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় বাড়ির সামনে খেলছিল ওই শিশুটি। অভিযুক্ত কিশোর ভুক্তভোগীকে খেলনা গাড়ি ও চকলেট কিনে দেয়ার লোভ দেখিয়ে পাশের একটি হলুদ ক্ষেতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে অনিক। রাতে ব্যথা ও প্রস্রাবের সঙ্গে রক্ত দেখে তার মা কী হয়েছে জিজ্ঞাসা করলে শিশুটি পুরো ঘটনা জানায়। পরে রাতে শিশুটির বাবা বাসায় আসলে তাকেও সব জানানো হয়।
শিশুটির মা প্রথমে অভিযুক্ত কিশোরের বাসায় তার অভিভাবকদের নিকট অভিযোগ দিলে তারা বিষয়টি কাউকে না জানানোর অনুরোধ করে। কিন্তু এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে জানতে পেরে পরদিন ওই কিশোরের বাবা এবং চাচারা শিশুটির বাসায় এসে হুমকি-ধামকি দিয়ে যায়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঘটনার পরদিন প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত কিশোরের পরিবারের সদস্যরা ভুক্তভোগী শিশুর পরিবারের ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। এই বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, শিশুটির বাবা বুধবার রাতে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।