ইব্রাহিম আলম সবুজ || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
কুড়িগ্রামে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবিতে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে) আয়োজিত, সাংবাদিক সম্মিলন ও আহবায়ক কমিটি ঘোষণা,অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৯ আগস্ট ২০২৫ সকাল ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে এ সম্মিলন অনুষ্ঠিত হয়।শিক্ষক ও জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক এবং প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমান খন্দকার, রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক এবং ট্রেজারার মমিনুল ইসলাম রিপন প্রমুখ।
সভায় সাংবাদিকদের অধিকার সংরক্ষণ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় গাজীপুরে সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদ জানিয়ে জড়িত ও গ্রেপ্তার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।সভায় কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে আহবায়ক হিসেবে আরিফুল ইসলাম রিগান এবং সদস্য সচিব হিসেবে মনোয়ার হোসেন লিটন মনোনীত হন।জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দেড় শতাধিক সাংবাদিক এ সম্মেলনে অংশ নেন।