মোক্তারুজ্জামান মোক্তার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ উপজেলার চোরাইকৃত ট্রাক কাটার সময় হাতে নাতে ড্রাইভার ও চোরকে আটক করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।জানা গেছে, ২৩ জুলাই সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার মাসুম রানার ট্রাক (নং-ঢাকা মেট্রো-ট-১৫-৭৫০২) ড্রাইভার সোহাগ (৩৩) গাড়ি নিয়ে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পৌরসভার ভাঙারি ব্যবসায়ী মাসুদ পারভেজের কাছে ৫০ টাকা কেজি দরে ৪ লাখ টাকায় বিক্রি করে দেয়।
এদিকে ট্রাক মালিক মাসুম রানা সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করে ট্রাক ড্রাইভারের মোবাইল ফোন ট্র্যাকিং করে ২৫ জুলাই রাত ৮টার দিকে পার্বতীপুর পৌর শহরের ঢাকা মোড়ে ট্রাক কাটার সময় ড্রাইভার রংপুর জেলার মাহিগঞ্জ থানার আবদুল জলিলের পুত্র সোহাগ (৩৩) ও চোরের সর্দার পার্বতীপুর উপজেলার নুরনগর মহল্লার কাইয়ুমের ছেলে ফেরদৌসকে (৩২) পুলিশ আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভাঙারি ব্যবসায়ী ও চোরাই মাল কেনার হোতা মাসুদ পারভেজ তার লোকবলসহ পালিয়ে যায়। পুলিশ কাটা ট্রাকসহ আটককৃতদের থানায় নিয়ে আসে।
ট্রাক মালিক মাসুম রানা বলেন, ট্রাকটি মিসিং হওয়ার সঙ্গে সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করা হয়। পরে মোবাইল ট্র্যাকিং করে পার্বতীপুর মডেল থানার সহযোগিতায় আসামিদের আটক করা হয়। এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, মামলা হয়েছে দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান।