admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ
হানিফুর আলী, স্টাফ রিপোর্টারঃ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের লিফলেট বিতরণের সময় মোঃ শাহাদাত ও মিতা নামের আওয়ামী লীগের দুই সমর্থককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শনিবার(১ ফেব্রুয়ারি) দুপুরে ১টা ৩০ মিনিট সময় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সাব-রেজিস্টার কার্যালয়ের সামনে এঘটনা ঘটে।
আটককৃত শাহাদাত হোসেন ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামের ফারুক গোলদারের ছেলে ও ফাতেমা জাহান মিতা একই ইউনিয়নের চরচান্দা গ্রামের মোঃ কাঞ্চন ঢালীর মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ১৫-২০জনের একটি দল সাব-রেজিস্টার কার্যালয়ের সামনে বিভিন্ন চায়ের দোকান ও যানবাহনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে। এসময় বিএনপি নেতাকর্মীরা টের পেয়ে তাদেরকে আটক করার চেষ্টা করলে সবাই পালিয়ে যেতে পারলেও আটক হোন শাহাদাত হোসেন ও ফাতেমা জাহান মিতা নামে দুইজন। তাদের দলে কোনো পদ-পদবী না থাকলেও তারা দুই জনই আওয়ামী লীগের সমর্থক। পরে তাদেরকে ভেদরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মহিষার ইউনিয়ন যুবদল নেতা কাদির ঢালী বলেন, লিফলেট বিতরণকালে প্রথমে আমি তাদেরকে আটক করি। পরে স্থানীয়রাও আমার সঙ্গে যোগ দেয়। এরপর পুলিশ তাদেরকে আটক করে থানা নিয়ে যায়। এবিষয়ে ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) পারভেজ হাসান সেলিম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় আওয়ামীলীগের লিফলেটসহ দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।