admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জুন, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন,স্টাফ রিপোর্টার: অনশনে ঠাকুরগাঁওয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো: বেলায়েত হোসেন।
অনশনে ঠাকুরগাঁওয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. বেলায়েত হোসেন। ১৪ বছর আগে অবসরে যান ঠাকুরগাঁওয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. বেলায়েত হোসেন। অবসরের এত বছর পার হয়ে গেলেও তিনি পাননি বেতন ও অবসর ভাতা। তাই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে অনশনে বসেছেন ৭২ বছর বয়সি অবসরপ্রাপ্ত জনস্বাস্থ্য প্রকৌশলী।
শুক্রবার (১৪ জুন) সকাল থেকে শনিবার পর্যন্ত ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সামনে অনশনে বসেন তিনি।বেলায়েত হোসেন ১৯৮৩ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকৌশলী হিসেবে যোগদান করেন। ২০১০ সালে তিনি অবসরে যান। তারপর থেকেই শুরু হয় জটিলতা। বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরেও পাননি কাঙ্ক্ষিত সমাধান। দীর্ঘ ১৪ বছরেও মেলেনি অবসর ভাতা। অর্থাভাবে রোগের শোকে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
বেলায়েত হোসেন বলেন, আমিসহ আরও ১২ জন ১৯৮৩ সালে সরকারি প্রজেক্টের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরিতে যোগদান করি। পরে সরকারি নির্দেশনা মোতাবেক তাদের রাজস্ব খাতে স্থানান্তরিত করা হয়। কিন্তু বাকি ১২ জন ধারাবাহিক ভাবে বেতনভাতা ও অবসরভাতা পেলেও আমার বকেয়া বেতনভাতা ও অবসরভাতা বন্ধ হয়ে রয়েছে। যা অমানবিক। আমার সঙ্গে থাকা ১২ জন অবসরভাতা পাচ্ছে কিন্তু আমি পাই না। পরিবার নিয়ে চলতে আমার অনেক সমস্যা হচ্ছে।
বেলায়েত ১৯৮৩ সালে প্রথম চাকরিতে যোগদান করেন গাইবান্ধা জেলায়। ১৯৯২ সালে ঠাকুরগাঁওয়ে বদলি হয়ে আসেন এবং ঠাকুরগাঁও থেকেই ২০১০ সালে অবসরে যান। এরপর অবসর ভাতার জন্য আবেদন করলে চিঠির মাধ্যমে তাকে জানানো হয়, তার চাকরির বয়স ধরা হয়েছে ২০০০ সাল থেকে।
এর আগের ১৭ বছরের ভাতা ও অবসর ভাতা দেওয়া হবে না। তার সমসাময়িক সব সহকর্মীরা সবাই ধারাবাহিকভাবে বেতন ভাতা ও অবসর ভাতা পেলেও অজানা কারণে তার ক্ষেত্রে ঘটেছে নিয়মের ব্যত্যয়। বাধ্য হয়েই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে অনশনে বসেছেন তিনি।