admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করা হয়েছে। রোববার (২০ আগস্ট) বেলা ১২টার দিকে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের কর হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ’র সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার খালেদা জিয়া ও তারেক জিয়াকে ভয় পায়। মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে। তাঁর উন্নত চিকিৎসায় বাধা প্রধান করা হচ্ছে। বিএনপির চলমান আন্দোলন সংগ্রামের মাধম্যে দেশের জনগণকে সাথে নিয়ে ভোটচোর সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। অবৈধভাবে ক্ষমতায় থেকে দেশের প্রতিটি সেক্টরে লুটপাট করছে। তাই তারেক জিয়ার নির্দেশে রাজপথে ফয়সালার মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করতে হবে। এজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সভাপতি রাসেল মাহমুদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালাম, কে এম খায়রুল বাশার, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাইন, মাফতুন আহমেম্মদ খান রুবেল, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলমসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।।