admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জুন, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টর: বগুড়ার শিবগঞ্জে ঈদের নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় মোস্তফা কামাল (২৭) এক ঈমাম নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে মোকামতলা বন্দরে গোল্ডেন চাইল্ড স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামের ঈদ্রিস আলীর ছেলে ও স্থানীয় একটি মসজিদে খতিবের দায়িত্বে ছিলেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার ঈদের দিন সকালে মোস্তফা মোকামতলা তেঁতুলতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আযহার নামাজের দ্বিতীয় জামাতে ঈমামতি করেন।
এরপর মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মোকামতলা বন্দরে রংপুরগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।