admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টরঃ বর্তমান সরকারকে ‘গণতন্ত্রহরণকারী’ উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, ‘খুব শিগগিরই সরকারের পতন ঘটবে। শনিবার (১১ মার্চ) সকালে বগুড়ায় শহরের নওয়াব বাড়ি সড়কে দলটির মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। বরং তারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। এ কারণে বাংলাদেশের মানুষ অবৈধ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। জনগণ যেভাবে প্রতিবাদী হয়ে উঠেছে তাতে খুব শিগগিরই এ সরকারের পতন ঘটবে।
বিএনপি ঘোষিত ১০ দফা সম্পর্কে মিনু বলেন, ‘ভবিষ্যতে যাতে বাংলাদেশে আর কেউ ভোট চুরি করতে না পারে, জনগণের মৌলিক অধিকারগুলো কেউ যাতে হরণ করতে না পারে এবং জবাবদিহীতার ভিত্তিতে সরকার পরিচালিত হয় তারই দিক নির্দেশনা হলো এই ১০ দফা। বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশের ১৭ কোটি মানুষ ক্রয় ক্ষমতা হারিয়েছে। আয়ের তুলনায় ব্যয় কয়েকগুণ বেড়ে গেছে। যে কারণে সাধারণ মানুষ বাজার থেকে প্রয়োজনীয় পণ্য কিনতে পারছে না। এমনকি শিশুর জন্য দুধও এখন দুষ্প্রাপ্য হয়ে গেছে। নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবি করে তিনি বলেন, ‘আমরা নির্বাচনের বিপক্ষে নই। তবে সেই নির্বাচন হতে হবে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের মত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে অধীনে।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, সংসদ বাতিল এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে দলটির অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন।