admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২২ ৯:৫১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ সাভারের আশুলিয়ায় পুরাতন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় ডিইপিজেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডিইপিজেড ও সাভার ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে। আজ শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার পুরাতন ডিইপিজেডের প্যাকজার নামের একটি কারখানায় এই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে স্টীল শেডের ওই একতলা কারখানায় অগ্নিকাণ্ডের খবর পায় ডিইপিজেড ফায়ার সার্ভিস। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনের তীব্রতা বেড়ে গেলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরো ১ টি এবং সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান বলেন, আমাদের চারটিসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বিস্তারিত তথ্য আমাদের স্যার বলতে পারবেন। তিনি ঘটনাস্থলেই রয়েছেন। ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাজিব বলেন, এই মুহূর্তে আমরা ছয়টি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আগুন নিয়ন্ত্রণে আসলে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।