admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০১৯ ২:১২ অপরাহ্ণ
ক্রিকেটার শাহাদাত হোসেন
সতীর্থ একজন খেলোয়াড়কে মাঠে মারধর করে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হলেন ক্রিকেটার শাহাদাত হোসেন। একই সাথে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় লিগের ম্যাচে মাঠেই সতীর্থ ক্রিকেটারের গায়ে হাত তোলার অপরাধে শাহাদাত হোসেন রাজীবকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নুর পক্ষ থেকে শাহাদাতের শাস্তির ব্যাপারটি নিশ্চিত করা হয়। আগামী ২৬শে নভেম্বর পর্যন্ত এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ পাচ্ছেন শাহাদাত। পাঁচ বছরের এই শাস্তির শেষ দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা, অর্থাৎ আর অপরাধে না জড়ালে তিনি তিন বছর পরেই ক্রিকেটে ফিরে আসার সুযোগ পাবেন। জাতীয় দলের সাবে এই পেসার জানিয়েছেন যে তিনি নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন। জাতীয় লিগের শেষ রাউন্ডের ম্যাচে খুলনার বিপক্ষে ঢাকা বিভাগের হয়ে খেলেছিলেন শাহাদাত। জাতীয় দলে দীর্ঘদিন খেলা এই পেসারের বিরুদ্ধে অভিযোগ ওঠে রবিবার।
অভিযোগে বলা হয়, বলের ঔজ্জ্বল্য বাড়ানো নিয়ে কথা বলার সময় শাহাদাত ক্ষিপ্ত হন সতীর্থ অফ স্পিনার আরাফাত সানি জুনিয়রের ওপর। সেখানে উপস্থিত ম্যাচ রেফারি আখতার আহমেদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। ম্যাচ রেফারি আখতার আহমেদ তৎক্ষণাৎ এই ক্রিকেটারকে আইন অনুযায়ীই ম্যাচের শেষ দুই দিনের জন্য বহিষ্কার করেন। তিনি সেখানেই গণমাধ্যমকে বলেন, আচরণবিধির লেভেল ৪ ভেঙেছেন শাহাদাত যাকে অত্যন্ত গুরুতর বলে বর্ণনা করেন তিনি।
টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন গতকাল বলেন,এখানে উল্লেখ্য করা হয়েছে যে লেভেল ৪ ভেঙেছে শাহাদাত। এই ধারা ভাঙলে এক বছর থেকে শুরু করে আজীবনও নিষিদ্ধ হতে পারে। টেকনিক্যাল কমিটির এক বৈঠকের পরে মঙ্গলবার সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয় যে শাহাদাত হোসেনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের হয়ে ৩৮টি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শাহাদাত। ২০১৫ সালের পর আর জাতীয় দলে দেখা যায়নি এই ক্রিকেটারকে। এর আগে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছিল ক্রিকেটার শাহাদত হোসেনের বিরুদ্ধে, যার জেরে তার উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিলো ২০১৬ সালে। বিষয়টি সে সময় আদালতেও গড়িয়েছিল।
শাহাদাত হোসেনের বক্তব্য
ওই ঘটনার দু্দিন পর আজ শাহাদাত হোসেনের সাথে কথা হয়।তিনি বলেন, “আমি তো আমার প্রতিপক্ষের গায়ে হাত তুলিনি, কাউকে পিটাইনি। আমি যা করেছি সেটা হলো ধাক্কা দিয়েছি। তিনি আরও বলেন,আরাফাত আমার জুনিয়র ক্রিকেটার, ওকে নিয়েই আমি আপিল করতে যাবো। আমি ধাক্কা দিয়েছি, একটু গ্যানজাম হয়েছে নিজেদের মধ্যে। এটাকে এতো বড় করে কেন দেখছে, আমি জানি না। তবে শাহাদাত হোসেন স্বীকার করেন যে তিনি দোষ করেছেন।
অনেক বছর ধরে খেলছি আমি। আমি মাঠে কখনোই খারাপ ব্যবহার করিনি, যেটা হয়েছে সেটা সময়ের ভুল।