admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২২ ১২:২৮ পূর্বাহ্ণ
বাংলাদেশে রাত ৮টার পর দোকান বন্ধ, যানবাহনে অর্ধেক যাত্রী। সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে করোনার সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, সংক্রমণ নিয়ন্ত্রণের অংশ হিসেবে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী দুই একদিনের মধ্যে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা আগের চেয়ে ৪০০ গুণ বেশি। সংক্রমণ ঠেকাতে কারিগরি কমিটির প্রস্তাবনা অনুযায়ী আগামী দুই-একদিনের মধ্যেই কঠোর বিধিনিষেধ জারি করা হবে।
শনিবার, ৮ জানুয়ারি, মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তিনি বলেন, শিগগিরই নির্দেশনা দেওয়া হবে যাতে বাস, ট্রেন ও লঞ্চসহ সব পরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। রাত ৮টার পর দোকান-পাট বন্ধের ঘোষণা দেওয়ার চিন্তা-ভাবনাও করা হচ্ছে। একই সঙ্গে করোনা পরিস্থিতি ভয়াবহ মনে হলে বন্ধ করা হবে শিক্ষা প্রতিষ্ঠানও।
সেবা দেওয়ার জন্য সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের সকল হাসপাতাল, নার্স ও চিকিৎসকরা প্রস্তুত রয়েছেন উল্লেখ করে স্বাস্থ্য বলেন, চলমান ইউনিয়ন পরিষদ, ইউপি, নির্বাচনসহ ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এটা খুবই উদ্বেগজনক। এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। নিয়ম না মানলে দেশকে হুমকির মুখে ঠেলে দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
জাহিদ মালেক হুঁশিয়ারি দিয়ে বলেন, যেভাবে করোনার সংক্রমণের হার বাড়ছে, তাতে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কঠোরতা অবলম্বন করব আমরা। মাস্ক না পরে বাইরে বের হলেই করা হবে জেল ও জরিমানা। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বিশ্বের অনেক দেশে ভয়াবহভাবে করোনার সংক্রমণ বাড়ছে। তবে বাংলাদেশে করোনার সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে রয়েছে। বাংলাদেশের অবস্থা অন্যান্য দেশের তুলনায় ওমিক্রন সংক্রমণের ক্ষেত্রে ভালো। যুক্তরাজ্যে ওমিক্রনে ১ লাখ এবং আমেরিকায় ৪ লাখ পর্যন্ত সংক্রমিত হয়েছে। আমরা চাই না, আমাদের দেশের এই অবস্থা হোক। তবে দেশকে সুরক্ষিত রাখতে চাইলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এদিন শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ।