admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে না ঢুকতে পারেননি বিষয়টিকে গুজব বললেন প্রতিমন্ত্রী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আমেরিকায় ঢুকতে পারেননি-এমন গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আমেরিকা সরকারের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে আইসিটি প্রতিমন্ত্রীকে নিয়ে এমন গুজব ছড়ানো হয়েছে। অনেকে বলছেন, রাষ্ট্রীয় সফর থাকার পরও প্রতিমন্ত্রী আমেরিকায় ঢুকতে পারেননি।
তবে বিষয়টিকে মিথ্যাচার বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তার সফরের বিস্তারিত উল্লেখ করে নিজের ফেসবুক পেজে পাল্টা পোস্টও দিয়েছেন তিনি। গত রোববার কবীর আহমেদ নামের এক প্রবাসীর আইডি থেকে প্রতিমন্ত্রী পলকের একটি ছবি এবং বাংলাদেশ সরকারের জিও (গভর্মেন্ট অর্ডার) সংযুক্ত করে একটি পোস্ট করা হয়। পোস্টে তিনি লেখেন, ‘প্রতিমন্ত্রী পলককে ঢুকতে দেয়নি আমেরিকা। তার নির্ধারিত কর্মসূচি ছিল ওয়াশিংটন ও নিউইয়র্কে। কিন্তু সেগুলোতে তিনি থাকতে পারেননি।’
প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী পলক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ডিরেক্টর অফ হার্ভার্ড ইউনিভার্সিটি সাউথ এশিয়া ইনস্টিটিউটের প্রফেসর তারুন খান্নাকে। এছাড়া ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর হিতেশ হাথি এবং মিনাকে, যারা ক্রিসমাসের ছুটি এবং প্রচণ্ড ঠাণ্ডা থাকা সত্বেও হার্ভার্ডে প্রায় দুই ঘণ্টার বেশি আমাদেরকে সময় দিয়েছেন, আপ্যায়ন করিয়েছেন।
পলক লিখেছেন, এইবারই প্রথম আমি বোস্টন থেকে (ডেল্টা ফ্লাইট নং ৫৭৯৮) ফ্লাইটে ওয়াশিংটন ভ্রমণ করলাম। অভিজ্ঞতাও অত্যন্ত ভালো ছিল। ২৫ ডিসেম্বর টরন্টো থেকে রওনা হয়ে ২৬-২৭ তারিখ বোস্টন ভিজিট শেষে ২৮ ডিসেম্বর ওয়াশিংটনে পৌঁছাই। আমি আরো ধন্যবাদ জানাই ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলামকে। এই তীব্র শীতের মধ্যে এবং ছুটির মধ্যেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করেছেন তিনি। ধন্যবাদ জানাই বাংলাদেশের সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং বর্তমানে বিশ্বব্যাংকে নিযুক্ত আমাদের স্থায়ী প্রতিনিধি শফিউল আলম এবং বিশ্বব্যাংকে বাংলাদেশের আরো দুজন কর্মকর্তাকে, তাদের বৈঠক এবং রাতের আপ্যায়নের জন্য।
গত ২৫-২৮ ডিসেম্বর বোস্টন ও ওয়াশিংটন সফর শেষে ঢাকায় ফিরেছি। আশা করছি হার্ভার্ড এবং ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আমরা কাজ করবো। ২০৪১ সালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জ্ঞানভিত্তিক অর্থনীতি, উদ্ভাবনী জাতি এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই সফরটি সহযোগিতা করবে। জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমকে বলেন, অনলাইনে নানা ধরণের গুজব সৃষ্টি করছে জামাত-বিএনপির এজেন্টরা। আমার ক্ষেত্রে যেটি ঘটল, সেটি তাদের মিথ্যাচারের একটি নিকৃষ্ট উদাহরণ। এগুলোকে আমরা কেস স্টাডি হিসেবে দেখছি।