admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২২ ২:০৩ অপরাহ্ণ
বাংলাদেশে সুবর্ণ জয়ন্তীতে সয়াবিন তেল, পেঁয়াজ, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী বা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ কর্মসূচির আওতায় কিছুটা দাম কমিয়ে নিত্যপণ্য বিক্রি করছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ, টিসিবি। আজ সোমবার, ৩ জানুয়ারি, থেকে বিশেষ এই বিক্রি কার্যক্রম শুরু করছে সংস্থাটি। টিসিবি সূত্রে জানা যায়, আজ সোমবার থেকে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত সয়াবিন তেল, পেঁয়াজ, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।
টিসিবির ৫০তম সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সারা দেশে ৪০০ থেকে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করছে রাষ্ট্রীয় সংস্থাটি। টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশেষ বরাদ্দের আওতায় প্রতিটি ট্রাকে থাকবে ৭০০ লিটার তেল। এর আগে গত মাসে ছিল ৬০০ লিটার। এ ছাড়া মসুর ডাল ৫০০ কেজি, পেঁয়াজ ৩০০ থেকে ৫০০ কেজি এবং চিনি দেওয়া হবে ১০০ থেকে ৫০০ কেজি।
জানা যায়, একজন ক্রেতা টিসিবির ট্রাক থেকে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি কিনতে পারবেন। এ ছাড়া সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ৬০ টাকা কেজি দরে, ২ থেকে ৫ লিটার সয়াবিন তেল ১১০ টাকা দরে এবং প্রতি কেজি ৩০ টাকা দরে পেঁয়াজ কিনতে পারবেন ক্রেতারা।