admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২২ ৫:৪৬ অপরাহ্ণ
বাংলাদেশে সপ্তাহের ব্যবধানে সংক্রমন ৬০ ও মৃত্যু বেড়েছে ১৫০ শতাংশ। মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার দেশে ধীরে ধীরে বাড়ছে। গত এক সপ্তাহে যেসব নমুনা পরীক্ষা করা হয়েছে, তাতে আগের সপ্তাহের তুলনায় নতুন রোগী শনাক্ত বেড়েছে ৬০ শতাংশ। পাশপাশি একই সময়ে মৃত্যুর হার বেড়েছে ১৫০ শতাংশ। কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে আজ রোববার, ২ জানুয়ারি, দুপুরে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন এই তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত এক সপ্তাহে নমুনা পরীক্ষার হার বেড়েছে। এই সময়ে ১ লাখ ৩০ হাজার ৭৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যা এর আগের সপ্তাহের তুলনায় ২০ শতাংশ বেশি। এই সময়ে নতুন করে ২ হাজার ৯২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন রোগী শনাক্তের ক্ষেত্রে যা আগের সপ্তাহের তুলনায় ৬০ শতাংশ বেশি।
ডা. মো. রোবেদ আমিন আরো জানান, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আগের সপ্তাহের তুলনায় গেল সপ্তাহে ১২ জন বেশি মারা গেছেন। অর্থাৎ সবশেষ সপ্তাহে মৃত্যুর হার বেড়েছে ১৫০ শতাংশ। এর আগে গত, ২৬ ডিসেম্বর করোনায় আক্রান্তের হার ছিল ২ শতাংশের কম। অথচ গত ৩১ ডিসেম্বর সেই হার বেড়ে দাঁড়ায় ২ দশমিক ৭৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরো বলেন, করোনার নমুনা পরীক্ষায় গত ২০ ডিসেম্বর পর্যন্ত শনাক্তের হার ২ শতাংশের নিচে ছিল। কখনো কখনো তা ১ শতাংশের কাছাকাছি ছিল। কিন্তু গত ২১ ডিসেম্বর থেকে ক্রমেই বাড়তে থাকে সংক্রমণের হার এবং বর্তমানে তা ২ দশমিক ৭৮ শতাংশ পর্যন্ত হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে, মাঝে করোনার সংক্রমণ বেশ কিছু দিন স্থিতিশীল থাকলেও তা নতুন করে আবার বাড়ছে।
যেমন- মাসের ব্যবধান তুলনা করলেও দেখা যায়, গত নভেম্বর মাসে ৬ হাজার ৭৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। তবে সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২৫৫ জন। এই পরিস্থিতি থেকে উত্তরনের উপায় হিসেবে অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন বলছেন, করোনা প্রতিরোধে জারি করা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই বলেই অভিমত তার।