admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২১ ১:০৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টার ঢাকা থেকেঃ আইভী ও তৈমূর মনোনয়নপত্র জমা দিয়েছে মেয়র পদে জন্য। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, নাসিক নির্বাচনে মেয়র পদে আজ বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন সেলিনা হায়াৎ আইভী ও তৈমূর আলম খন্দকার। প্রথমজন বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী আর দ্বিতীয়জন স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক। ফলে এই দুই হেবিওয়েট প্রার্থীর মধ্যে ভোটের মাঠে লড়াই হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তারের কাছে আইভী ও তৈমূর মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান। আইভীর পক্ষে নথিটি জমা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
একইভাবে তৈমূরের বেলায়ও মহানগর বিএনপি ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সদ্য পদত্যাগ করা সেলিনা হায়াৎ আইভী বলছেন, স্বতন্ত্র প্রার্থী হলেও নির্বাচনে বিএনপি নেতা তৈমূর আলমকে স্বাগত জানাচ্ছি, শেষ পর্যন্ত যেন মাঠে থাকেন তিনি। কে কোন প্রতীকে ভোট করছে, তা মুখ্য নয়। তবে আমি দলীয় প্রতীকে নির্বাচন করছি, আশা করি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। অন্যদিকে, তৈমূর আলম খন্দকার বলেন, সিটি করপোরেশনকে আমূল বদলে দিতে জনগণের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন, উৎসবমুখর পরিবেশে স্বচ্ছ ভোট হলে জয় পাবেন তিনি।
বিএনপির সমর্থনের বিষয়ে তিনি বলেন, বড় দল হিসেবে কৌশল নিয়ে চলতে হচ্ছে। জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, নাসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র কিনেছেন ১১ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত ৬ জন জমা দিয়েছেন। বাকি চারজন হলেন- খেলাফত মজলিশের এ বি এম সিরাজুল মামুন, খেলাফত আন্দোলন জসিম উদ্দিন, ইসলামী আন্দোলনের মাসুম বিল্লাহ, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, নাসিকের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর, বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু ২৮ ডিসেম্বর, আগামী ১৬ জানুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএমে ভোট হওয়ার কথা।