admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২১ ১২:২৯ অপরাহ্ণ
আজ ১৬ ডিসেম্বর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্মৃতিসৌধে। ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। জাতির শৃঙ্খলমুক্তির দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিজয় অর্জন করে বাংলাদেশ। ফি বছরের ধারাবাহিকতায় এবারও সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ৬টার দিকে এই শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। করোনার কারণে গত বছর সশরীরে উপস্থিত থাকতে না পারলেও এবার তারা নিজ হাতেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর শ্রদ্ধা জানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুজনেই নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর দেশের জন্য জীবন উৎসর্গ করে দেয়া জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল নেমে আসে। এ সময় কারো হাতে ছিলো ফুল, কারো হাতে পতাকা। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় শহিদদের স্মরণ করেন সবাই। ৪৯ বছর আগে এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তাক্ত সংগ্রামে পাক হানাদারদের পরাজিত করে বিজয় ছিনিয়ে আনে সংগ্রামরত বাঙালিরা। বিশ্ব মানচিত্রে জন্ম নেয় নতুন দেশ বাংলাদেশ।
সেই থেকে ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমাদের মুক্তির দিন। সেই থেকে শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে বাংলার আকাশে উড়ছে লাল-সবুজের পতাকা। ১৯৫২ সালে মায়ের ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রতিবাদের যে সূচনা হয়েছিল সেই চেতনাই পরবর্তীতে ১৯৭১ সালে বাঙালির বিজয়ের মঞ্চ তৈরি করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে পরাধীনতার শৃঙ্খল ভেঙে আজকের এই দিনেই জন্ম হয় স্বাধীন বাংলাদেশের।