admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২১ ১১:৫৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , স্টাফ রিপোর্টার ঢাকা থেকেঃ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। দুপুর সাড়ে ১২টার পর তিনি সেখানে পৌঁছান।
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে বুধবার (১৫ ডিসেম্বর) সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন তিনি। বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিব বর্ষের সমাপনী দিন উদযাপন এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সফর। ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি বাংলাদেশে তার প্রথম সফর।
সফরের প্রথম দিন আজ সকাল সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে স্বাগত জানান। এসময় ভারতের রাষ্ট্রপতিকে বিমানবন্দরে গার্ড অব অনার প্রদান করা হয়।