admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২১ ১১:৩০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টার ঢাকা থেকেঃ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির দিন। এইদিন বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন একটি সার্বভৌম দেশ বাংলাদেশ। যা বাঙালি জাতিকে এনে দেয় আত্মপরিচয়ের ঠিকানা।
প্রতি বছরের মতো এবারও ১৬ডিসেম্বর মহান বিজয় ও জাতীয় দিবসের সূচনা লগ্নে সাভার জাতীয় স্মৃতিসৌধ ভরে উঠবে ফুলে ফুলে। মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। তাই উদযাপনের আয়োজনও অন্যান্য সময়ের চেয়ে একটু আলাদা।
গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানান, বিজয় উদযাপনের একদিন আগেই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারতের রাষ্ট্রপতি। তাই প্রস্তুতি শেষ করতে হয়েছে আগেভাগেই। এদিন শহীদ বীরদের বিনম্রশ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কুটনৈতিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংগঠনিক সংগঠনসহ লাখো মানুষ।
সেই মুহূর্তের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। গোটা চত্বর এরই মধ্যে পরিণত হয়েছে এক টুকরো লাল-সবুজের বাংলাদেশে। চলছে শেষ সময়ের আঁচড়। শেষ হয়েছে পরিষ্কার পরিছন্নতার কাজ। নেয়া হয়েছে কয়েক স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। তবে, কোথাও কোনো ত্রুটি-বিচ্যূতি রয়েছে কিনা- শেষ মুহূর্তে তা খতিয়ে দেখা হচ্ছে।
এক মাস ধরে লাল-সবুজের আভায় সাজানো হয়েছে চত্বর। পরিচ্ছন্নতা কর্মীদের নিরলস পরিশ্রমে মিনার, শহীদ বেদি, হ্যালিপ্যাডসহ সড়কগুলো ধুয়েমুছে চকচকে করা হয়েছে। শেষ মুহূর্তে ফুলের টবগুলো সরিয়ে গোটা এলাকা দৃষ্টিনন্দন করা হয়েছে। থাকছে আলোকসজ্জা। রাতের আলোয় অন্য রূপ পাবে একাত্তরের শহীদের এই সৌধ।
দিবসটি পালনে শেষ হয়েছে তিনবাহিনীর গার্ড অব অনার প্রদানের মহড়া। সেখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা বসানোসহ সব প্রস্তুতি শেষ করা হয়েছে। গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, বিগত দুই মাস ধরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে।
ফুল দিয়ে সাজানো, লেক সংস্কার, সিসি ক্যামেরা স্থাপনসহ সব কাজ পুরোপুরি শেষ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত আছে। তবে, বিজয় উদযাপনের একদিন আগে এবার ১৫ ডিসেম্বর জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানানোর কথা রয়েছে ভারতের রাষ্ট্রপ্রতির।
৪৯ বছর আগে সাভারের পাথালিয়া, টাটীবাড়ী, ঠাকুরগাঁওসহ তিন মৌজা নিয়ে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধের শিলাবিন্যাস করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।