admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২১ ৬:৫৮ অপরাহ্ণ
বাংলাদেশে মেঘনা ও পদ্মা নামেই নতুন বিভাগ হচ্ছে। সম্প্রতি কু দিয়ে কোনো বিভাগের নাম হবে না মন্তব্য করে নদীর নামে দুটি বিভাগ করার সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী ফরিদপুরের নাম পদ্মা আর কুমিল্লার নাম মেঘনা বিভাগ হচ্ছে। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভায় বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে ১০ প্রকল্পের অনুমোদনের পাশাপাশি কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার বিষয়ে আলোচনা হয়েছে।

এ সময় নতুন দুটি বিভাগ করার আগের সিদ্ধান্ত বহাল রাখার কথা বলেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, একনেক সভায় কুমিল্লাকে মেঘনা ও ফরিদপুরকে পদ্মা বিভাগ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি। এর আগে গত ২১ অক্টোবর কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধনকালে নদীর নামে নতুন দুটি বিভাগ করার কথা বলেছিলেন শেখ হাসিনা। কুমিল্লা নামে বিভাগ করার অনুরোধ করা হলে তিনি বলেন, কুমিল্লার সঙ্গে খন্দকার মোশতাকের নাম জড়িত। কুমিল্লা নাম শুনলেই মোশতাকের নাম মনে আসে। এই নামে কোনো বিভাগ দেব না।কুমিল্লা নামে বিভাগ করলে অন্য জেলাগুলো যুক্ত হতে চায় না উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, কুমিল্লা নামে বিভাগ হলে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী আসবে না। বিভাগ চাইলে মেঘনা নামে করে দিতে পারি। পদ্মা পাড়ি দিয়ে ফরিদপুর যাবো আর মেঘনা পাড়ি দিয়ে কুমিল্লা।