admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২১ ১০:৩৬ অপরাহ্ণ
স্বাস্থ্যমন্ত্রী বলেন নো ভ্যাকসিন নো সার্ভিস। নো মাস্ক, নো সার্ভিস এর মতো এবার নো ভ্যাকসিন, নো সার্ভিস তথা টিকা না নিলে সেবা পাওয়া যাবে না এমন ব্যবস্থায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। আজ মঙ্গলবার, ৩০ নভেম্বর, সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। এর আগে দুপুরে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে করণীয় নির্ধারণে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। বৈঠকে ১৮টি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন। জাহিদ মালেক বলেন, এ পর্যন্ত দেশের ৬ কোটি মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছেন। অপরদিকে, টিকা ডোজ সম্পন্ন তথা দুই ডোজ পেয়েছেন ৪ কোটি মানুষ। অর্থাৎ মোট ১০ কোটি লোক টিকা কর্মসূচির আওতায় চলেছে এসেছে। আমরা স্কুলের ছাত্র, বস্তিবাসীসহ একেবারে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত কার্যক্রম পৌঁছে দিয়েছি। যাতে সব পর্যায়ের লোকজনকে টিকা দেওয়া সম্ভব হয়।
মন্ত্রী বলেন, আমরা বিভিন্ন জেলা ও উপজেলা পর্যন্ত ফাইজারের টিকাও নিয়ে গেছি। কিন্তু তারপরও দেখা যায়, অনেকে এখনো টিকা নেননি। টিকার ব্যাপারে আগে মানুষের যে আগ্রহটা দেখেছি, বর্তমানে সেই আগ্রহটা একটু কম পরিলক্ষিত হচ্ছে। জাহিদ মালেক বলেন, সবার সম্মতিক্রমে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আর সেটা হলো— আগে যেমন ‘নো মাস্ক, নো সার্ভিস’ ব্যবস্থা ছিল, সে রকম এখন আমরা ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ ব্যবস্থায় যাচ্ছি। এটা আমাদের পরামর্শ রইল। এটা বাস্তবায়ন করা গেলে আরো বেগবান হবে আমাদের টিকা কার্যক্রম। টিকা নেওয়ার জন্য জনগণ এগিয়ে আসবে।
এখানে বসেই নো ভ্যাকসিন, নো সার্ভিস স্লোগানটা তৈরি হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব মন্ত্রণালয়কে আমরা এটা চিঠি দিয়ে জানিয়ে দেব। তারা এটাকে যার যার মতো করে কার্যকর করবে। আমরা টার্গেট লেভেলে ব্যবসায়িক সংস্থাকে জানিয়ে দেব। আর সরকারি সংস্থাকে জানিয়ে দেব সরকারিভাবে।