admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২১ ৮:০২ অপরাহ্ণ
ঋতু হিজড়া বিপুল ভোটে হারিয়ে দিলেন নৌকার প্রার্থীকে। বাংলাদেশে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম ওরফে ঋতু হিজড়া। নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যানের চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি)। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মধুসুধন দত্ত জানান, রোববার অনুষ্ঠিত এ নির্বাচনে নয়টি ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু আনারস প্রতীকে ৯ হাজার ৫৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের নজরুল ইসলাম ছানা পেয়েছেন ৪ হাজার ৫২৯ ভোট। ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৬০০ জন। পারিবারিক সূত্রে জানা গেছে, কালীগঞ্জে উপজেলার দাদপুর গ্রামের আবদুল কাদেরের সন্তান নজরুল ইসলাম ঋতু। পরিবারে তার আরো তিন ভাই ও তিন বোন রয়েছে। তবে জন্মের পর হিজড়ার বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ায় পাঁচ বছর বয়সেই তিনি গ্রাম ছেড়ে চলে যান ঢাকায়। সামাজিক নানা প্রতিবন্ধকতায় পড়ালেখা তেমন একটা করা সম্ভব হয়নি। ছোটবেলা থেকেই তিনি অবস্থান করতে থাকেন ঢাকার ডেমরা এলাকায়।
নজরুল ইসলাম ঋতুর বর্তমান বয়স ৪৩ বছর। তবে সামাজিক প্রতিবন্ধকতায় গ্রাম ছেড়ে এলেও অন্যদের মতো গ্রামকে একেবারে পরিত্যাগ করেননি। মাঝে মধ্যেই গ্রামের বাড়িতে আসতেন। এমনকি গত ১৫ বছর ধরে তিনি এলাকার অসহায় মানুষকে আর্থিক সহযোগিতাসহ নানা ধরনের সহযোগিতা করে আসছেন। ফলে এলাকায় তাঁর পরিচিতি ও জনপ্রিয়তা বাড়তে থাকে। এ অবস্থায় এলাকার মানুষই তাকে নির্বাচনে দাঁড় করিয়ে দেয়। তার পরিবারের সবাই আওয়ামী লীগের সমর্থক হলেও নির্বাচনে প্রার্থী হওয়ার পর নৌকার প্রার্থী ও তার সমর্থকরা তাকে বাধা দেয়।
তবে সেখানে প্রশাসন কঠোর থাকায় সে বাধা নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেনি। নজরুল ইসলাম ঋতু বিষয়টি নিয়ে অকপটে বলেন, সত্যি কথা বলতে নির্বাচন কী, তা আমি বুঝিনি। এলাকার মানুষ আমাকে ভালোবেসে ভোটে দাঁড় করিয়েছেন। ভোটে জয়ী হয়ে চেয়ারম্যান হয়েছি, এখন জীবনের বাকি সময় নিজ ইউনিয়নবাসীর সেবা করতে চাই।