admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২১ ৬:৫৬ অপরাহ্ণ
স্বাস্থ্যমন্ত্রীর জেনেভায় যাওয়া হল না দুবাই থেকেই ফিরলেন। গত ২৪ নভেম্বর প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছে করোনাভাইরাসের আরেক ভয়ংকর ভ্যারিয়েন্ট বা ধরন ওমিক্রন। এরপর অবশ্য বতসোয়ানা, হংকং, ইসরায়েল ও আরো কিছু দেশে ভাইরাসটির এই ধরনের খবর পাওয়া গেছে। এমনকি সবশেষ জার্মানি ও ইতালিতেও ওমিক্রনের অস্তিত্ব মেলার কথা বলা হচ্ছে। এ নিয়ে এখন নতুন আতঙ্ক বিরাজ করছে গোটা বিশ্বে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যাপারে কড়াকড়ি আরোপ শুরু হয়েছে। এমনকি বাংলাদেশও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করার ঘোষণা দিয়েছে।

গতকাল শনিবার, ২৭ নভেম্বর, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক যখন একটি সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে রওনা হন তখনই দক্ষিণ আফ্রিকার ব্যাপারে ওই সিদ্ধান্তের কথা জানান। তবে এখন জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী নিজেও সরকারি সফরে শেষ পর্যন্ত সুইজারল্যান্ড যাননি। বরং সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকেই দেশে ফিরে এসেছেন তিনি।
করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বিশ্বব্যাপী যে সতর্কতা চলছে, সেটার গুরুত্ব অনুধাবন করেই এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনিবার দিবাগত রাতে দেশে ফেরেন। সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান। আজ রোববার, ২৮ নভেম্বর, দুপুরে তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক গতকাল শনিবার সুইজ্যারল্যান্ডে অনুষ্ঠিতব্য একটি প্রোগ্রামের উদ্দেশ্যে সরকারি সফর শুরু করেছিলেন।
কিন্তু রওনা দিয়েও তিনি দুবাই থেকেই অন্য একটি ফ্লাইটে রাত ১১টায় দেশে ফেরেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরো জানান, দেশে কীভাবে ওমিক্রন মোকাবেলা করা যায় তা নিয়ে দ্রুতই জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে জরুরি বৈঠক করবেন স্বাস্থ্যমন্ত্রী। ওই বৈঠক শেষে সেদিনই স্বাস্থ্য খাতের প্রস্তুতির আপডেট তথ্য দেশবাসীকে জানাতে মিডিয়ায় ব্রিফ করা হবে।