admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২১ ৭:০৬ অপরাহ্ণ
তথ্যমন্ত্রী বলেছে খালেদাকে কারাগারে ফেরত পাঠানোর কথা ভাবতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ভাষায় কথা বলেছেন, তা অগ্রহণযোগ্য। তাকে কারাগারে ফেরত পাঠানো হবে কি না, তা ভাবতে হবে। আজ শুক্রবার কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খালেদা জিয়া জামিন পাননি, সাজা মওকুফ হয়নি উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, তারপরেও প্রশাসনিক ক্ষমতাবলে তাকে ঘরে পরিজনের সঙ্গে থাকার সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তার মহানুভবতা ও সহানুভূতি বিএনপি নেতারা অনুধাবনে ব্যর্থ হয়েছেন। প্রধানমন্ত্রী প্রশাসনিক আদেশ, আইনি ক্ষমতাবলে কারাগারের বাইরে থাকার ব্যবস্থা পুনর্বিবেচনা করা হবে কি না, তা ভাবতে হবে। বিএনপি এখন চিকিৎসার অজুহাতে খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে চায় দাবি করে তিনি বলেন, বিদেশে গিয়ে তিনি যেন রাজনীতি করতে পারেন, সেজন্য তাকে বিদেশে নিতে তোড়জোর করছেন বিএনপি নেতারা। তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
তারপরেও তাকে বিদেশ নেয়ার ধোঁয়া দাবি তোলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার, আওয়ামী লীগের ধর্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, কক্সবাজার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া গত ১৩ নভেম্বর থেকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন দাবি করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবি জানিয়েছে দল ও পরিবার। সরকারের অনুমতি না পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। একই দাবিতে দলটির সাবেক সংসদ সদস্যরাসহ ৮ দিনের কর্মসূচিও ঘোষণা করেছে বিএনপি।