admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২১ ৬:৫৬ অপরাহ্ণ
বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রাজধানীর বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে ২০১৫ সালে দায়ের করা এক মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালত আজ বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। তিনি আরো বলেন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদনের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। পুলিশ বাদী হয়ে ২০১৫ সালের জানুয়ারিতে রাজধানীর বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করে।
জানা যায়, আজ বৃহস্পতিবার মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আদালতে উপস্থিত হননি রুহুল কবীর রিজভী। পরে অভিযোগপত্র আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।