admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২১ ৬:২৮ অপরাহ্ণ
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাচ্ছেন ডা. জাফরুল্লাহ-জোনায়েদ সাকি। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাচ্ছেন ভাসানী অনুসারী পরিষদের সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বর্তমানে রাজধানীর বসুন্ধরা এলাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
জোনায়েদ সাকি খবরের সত্যতা নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার, ২৩ নভেম্বর, দুপুরে তিনি বলেন, হ্যাঁ আমরা বিএনপি চেয়ারপারসনকে দেখতে যাব। বিকাল ৫টা নাগাদ আমরা হাসপাতালে পৌঁছাব। এ ছাড়া ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্রচিন্তার নঈম জাহাঙ্গীর এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুমও তাদের সঙ্গে থাকবেন বলে জানা গেছে।
এ বিষয়ে বিএনপির দলীয় সূত্রে জানা যায়, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত চিকিৎসকদের বোর্ড আজ বিকাল সাড়ে ৪টার দিকে তার সবশেষ অবস্থা পর্যালোচনা করতে মিটিং করবেন। এরপরই হাসপাতালে পৌঁছাবেন জাফরুল্লাহ চৌধুরী ও জোনায়েদ সাকি। তারা চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন বলে জানা গেছে।