admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২১ ৮:৪৩ অপরাহ্ণ
খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৫টি দলের পক্ষ থেকে শীর্ষ নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে স্মারকলিপি দিয়েছেন। এতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানানো হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আজ রোববার, ২১ নভেম্বর, দুপুর সাড়ে ১২টার দিকে ৫টি দলের শীর্ষ নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেন।

পরে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। প্রতিনিধি দলে থাকা অন্যরা হলেন এনডিপি চেয়ারম্যান ক্বারী মো. তাহের, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হার্ট, কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। সম্প্রতি তার অবস্থার বেশ অবনতি হয়েছে।
বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। সর্বশেষ ১৩ নভেম্বর খালেদা জিয়াকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সাবেক এ প্রধানমন্ত্রীর অবস্থা গুরুতর বলে গত কয়েক দিন ধরে দাবি করছে বিএনপি। তাকে বিদেশ নিয়ে চিকিৎসা করানোর অনুমতি দিতে সরকারের প্রতি দাবি জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত মেলেনি। সরকার বলছে, আইন অনুযায়ী তাকে দেশেই অবস্থান করে চিকিৎসা নিতে হবে। এ অবস্থায় আজ রোববার, ২১ নভেম্বর, জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সংসদে থাকা দলটির ৬ সদস্য। খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার অনুমতি না দিলে তারা পদত্যাগের হুমকিও দিয়েছেন।