admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২১ ৬:৩৫ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির ওপর নির্ভর করছে দেশের পরবর্তী রাজনীতি। বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে, তা নির্ভর করছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার ওপর। আজ শনিবার দলটির গণঅনশনে এসে এমন মন্তব্য করেছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

প্রধানমন্ত্রীর উদ্দেশে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশনে অংশ নিয়ে তিনি বলেন, খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া না দেয়ার বিষয়ই আগামী দিনের রাজনীতিকে বিভাজন করতে পারে। তাকে চিকিৎসা করতে দিলে দেশের রাজনীতি এক দিকে যাবে, না দিলে অন্যদিকে দিকে যাবে। অন্যদিকে গেলে তা নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনি, পৃথিবীর বুকে যত বন্ধুই থাকুক কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।
দেশের ১৬ কোটি মানুষ খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে হোক সেটা চায় উল্লেখ করে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, সরকার যত অমানবিক হবে, তার ১০ গুণ ফেরত যাবে, মানবিক হলেও ১০ গুণ ফেরত দেবে। আমরা সবাই রাজনীতিতে সৌজন্যবোধ এবং মানবিকতা ফিরিয়ে আনি। আগামীকাল ২১ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উল্লেখ করে তিনি আরো বলেন, দিবসটির প্রতিষ্ঠালগ্নের মহাপুরুষ, মহানায়কদের শীর্ষে রয়েছেন মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম। তার সহধর্মিণী আজকে বন্দি। সশস্ত্র বাহিনী দিবসের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অশ্রদ্ধা করলে দিবস অসম্পূর্ণ হবে। ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীকে বন্দি রাখা, সুচিকিৎসার সুযোগ না দেয়াই অশ্রদ্ধার নমুনা।
গণঅনশনে ২০ দলীয় জোটের আরেক শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব হাসান হাবিব লিংকন ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিমও বক্তব্য রাখেন। তারা বলেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খালেদা জিয়াকে সরকার বিদেশে যেতে দিচ্ছে না। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে তাকে দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিন।