admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২১ ৭:০৫ অপরাহ্ণ
তিন বোন লাপাত্তা।
রাজধানীর আদাবর থেকে তিন বোন নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে তারা খালার বাসা থেকে বেরিয়ে যায়। তার পর থেকে আর কোনো খোঁজ নেই। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তারা নিজ ইচ্ছায় ব্যাগ গুছিয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। ওই তিন তরুণীর খালার বক্তব্য, টিকটকে আসক্ত ছিল তারা। এতে কারও দ্বারা প্ররোচিত হওয়ার সম্ভাবনা আছে। ওই তিন তরুণীর নাম রোকেয়া, জয়নব আরা ও খাদিজা আরা।
মা মারা গেছেন প্রায় ৩ বছর আগে। বাবা আরেকটা বিয়ে করার পর তারা আদাবরে খালার বাসায় থাকতে শুরু করেন। সেখানে থেকেই পড়াশোনা করতেন তিন বোন। দুজন এবার এসএসএসি পরীক্ষা দিচ্ছেন। তাদের খালা সাজেদা নওরীন আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আজ শুক্রবার (১৯ নভেম্বর) আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহীদুজ্জামান বলেন, ওই তিন বোনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাদের বের হওয়ার সঙ্গে টিকটকের কোনো সম্পর্ক আছে কি-না, সেটা এখনই বলতে পারছি না। খালার বাসা থেকে বের হওয়ার সময় তারা মোবাইল নেয়নি। সেজন্য তাদেরকে উদ্ধারে কিছুটা সময় লাগছে।
সাজেদা নওরীন বলেন, এমন কিছু ঘটেনি যে, তারা রাগ করে কিংবা কোনো কারণে বাসা থেকে বেরিয়ে যাবে। যাওয়ার সময় তারা পরীক্ষার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কিছু বইখাতা নিয়ে গেছে। টিকটক করার কারণে তাদের সঙ্গে অনেকের পরিচয় ছিল। আমার ধারণা, কেউ তাদেরকে প্ররোচিত করে বাসা থেকে নিয়ে গেছে।