admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২১ ৯:১৫ অপরাহ্ণ
শিল্প প্রতিমন্ত্রী ক্রসফায়ারের পক্ষে। বিরোধী দলগুলো ক্রসফায়ারে মানুষ হত্যার অভিযোগ তুলছে উল্লেখ করে আওয়ামী লীগ নেতা ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, আমি ক্রসফায়ারের পক্ষে। আজ শনিবার রাজধানীতে র্যাব-৪ এর কিশোর অপরাধ নির্মূলে জনসচেতনতার এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। রূপনগরে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে আয়োজিত এক সভায় শিল্প প্রতিমন্ত্রী বলেন, একজন সন্ত্রাসীর জন্য লাখো মানুষ রাতে ঘুমাতে পারে না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই।

এদের কারণেই দেশে কিশোর গ্যাং সৃষ্টি হচ্ছে, তাদের ক্রসফায়ারে মেরে ফেলা উচিত। এ সময় শিক্ষার্থীদের বেত্রাঘাত নিয়ে হাইকোর্টের এক নির্দেশনার বিষয়ে তিনি বলেন, শ্রেণিকক্ষে বেত ব্যবহার করতে পারবেন না শিক্ষকরা। এটি যথার্থ নয় বলে মনে করি আমি। শিক্ষার্থীরা অন্যায় করলে শাসন করার অধিকার শিক্ষকদের রয়েছে। সন্ত্রাসী ও চাঁদাবাজরা এখন জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে উল্লেখ করে ঢাকা মহানগর আওয়ামী লীগের এই নেতা বলেন, মনোনয়ন দেয়ার আগে বিভিন্ন সংস্থার রিপোর্ট নেয়া হয়।
তারপরেও কেন সন্ত্রাসীরা মনোনয়ন পায়? সেটি বন্ধ করতে হবে। সভায় র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক প্রবন্ধ উপস্থাপন করেন। অন্যান্যের মধ্যে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা দর্শক সারিতে বসা ছিল।