admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২১ ৭:৫৩ অপরাহ্ণ
নোয়াখালীর কারাগারে থেকেই নির্বাচিত বিএনপি নেতা। কারাগারে থেকেই ইউনিয়ন পরিষদ, ইউপি, চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এক বিএনপি নেতা। তিনি হলেন বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. বাহারুল আলম সুমন। দ্বিতীয় ধাপে গতকাল বৃহস্পতিবার, ১১ নভেম্বর, অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২১৫ ভোটের ব্যবধানে জয়ী হন বলে জানা গেছে। বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাহাত তানভীর চৌধুরী বৃহস্পতিবার দিবাগত রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
এ সময় তিনি মো. বাহারুল আলম সুমনকে নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচনের আগে আদালতের কাছে জামিন চেয়েও পাননি স্থানীয় বিএনপির এই নেতা। রাহাত তানভীর চৌধুরী জানান, মোট ৭ জন প্রার্থী আমানউল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৩ হাজার ১০৬ ভোট পেয়ে জয়ী হন বাহারুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল হুদা পেয়েছেন ২ হাজার ৮৯১ ভোট। তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী আরিফুর রহমান মাহমুদ ১ হাজার ৭০৫ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নোয়াখালীর চৌমুহনীতে যে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে, সেই ঘটনায় করা মামলায় ১৫ দিন আগে ওই বিএনপি নেতাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বাহারুল আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আদালতে জামিনের আবেদন করা হলেও তা মঞ্জুর করা হয়নি। তবে তার অনুসারীরাই নির্বাচনী প্রচার চালিয়ে যান।