admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২১ ৯:০০ অপরাহ্ণ
ফ্রান্স ও বাংলাদেশ সম্পর্ক জোরদারের আশা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁনের সঙ্গে এলিসি প্যালেসে বৈঠক করেছেন দেশটি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক, উন্নয়ন, নিরাপত্তা, জলবায়ু ও রোহিঙ্গা সংকট সমাধানসহ নানা বিষয়ে জোর দেন তারা। আজ বুধবার ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ফরাসি প্রেসিডেন্টের আমন্ত্রণে প্যারিস সফরে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছরপূর্তি হচ্ছে আগামী বছর। সেটিকে সামনে রেখে দুই নেতার এই বৈঠকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ফ্রান্সের সমর্থনের কথা স্মরণ করা হয়। এ ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, রাজনীতি, কূটনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা ও ইমানুয়েল ম্যাক্রোঁন। বিশেষ করে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে অংশীদারিত্ব বাড়াতে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ফ্রান্স। প্রশিক্ষণ ছাড়াও সক্ষমতা বৃদ্ধি এবং সম্ভাব্য প্রযুক্তি হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এই দুই দেশ। এ সংক্রান্ত ইচ্ছাপত্র স্বাক্ষরকে স্বাগত জানিয়েছে ঢাকা ও প্যারিস।বলা হয়, বৈশ্বিক আইনের ভিত্তিতে উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠনে একই দৃষ্টিভঙ্গি বাংলাদেশে-ফ্রান্সের। জাতিসংঘের শান্তিরক্ষী মিশন, রোহিঙ্গা সংকট, পরিবেশ রক্ষায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে দুই দেশ। এর আগে ৯ নভেম্বর প্যারিসের এলিসি প্যালেসে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা দেয় দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ড। পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন স্বাগত জানান শেখ হাসিনাকে। এরপর দুই নেতা ওপরে চলে যান। এ সময় তারা ফটো সেশনে অংশ নেন। গত ৩ নভেম্বর কপ ২৬-এ ওয়ার্ল্ড লিডারস সামিট ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান শেষে গ্লাসগো থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী। তার আগে গত ৩১ অক্টোবর যুক্তরাজ্য ও ফ্রান্সসহ দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দর নগরী গ্লাসগো পৌঁছান তিনি।