admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২১ ৯:৩৫ পূর্বাহ্ণ
বাংদেশ সরকার করোনায় খাওয়ার ট্যাবলেটের অনুমোদন দিয়েছে। যুক্তরাজ্যের পর বাংলাদেশেও মরণঘাতী করোনাভাইরাসের চিকিৎসায় খাওয়ার ট্যাবলেট জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে সরকার। মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেট দেশে আমদানি ও উৎপাদনের অনুমতি চেয়ে আবেদন করায় এই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আইয়ুব হোসেন।
সোমবার, ৮ নভেম্বর, তিনি বলেন, মলনুপিরাভিরের জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করেছিল দেশের কয়েকটি প্রতিষ্ঠান। এরই পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে অধিদপ্তর। ওষুধ প্রশাসন অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ আরো কয়েকটি প্রতিষ্ঠান দেশে মলনুপিরাভির উৎপাদন ও বিপণনের অনুমতি চেয়ে আবেদন করেছে। খুব শিগগির তাদের রেসিপি অনুমোদন দেওয়া হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, মলনুপিরাভির করোনার চিকিৎসায় প্রথম অ্যান্টিভাইরাল ট্যাবলেট। যা উদ্ভাবন করেছে মার্কিন ওষুধ কোম্পানি মার্ক, শার্প অ্যান্ড ডোহম বা এমএসডি এবং রিজব্যাক বায়োথেরাপটিকস। এটি ইনজেকশনের মাধ্যমে পুশ করা লাগে না, ওষুধ হিসেবে খাওয়া যাবে। গত চার দিন আগে প্রথমবারের মতো যুক্তরাজ্য সরকার এ ওষুধটি ব্যবহারের অনুমোদন দেয়। যুক্তরাজ্যে অনুমোদনের চার দিন পর বাংলাদেশে ওষুধটির উৎপাদন ও ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলো।