admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২১ ১২:২৮ অপরাহ্ণ
ইয়েমেনের এডেন বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের কাছে একটি বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। ঘটনাটি হামলা নাকি দুর্ঘটনা তা স্পষ্ট নয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিমানবন্দরের নিরাপত্তা সূত্র জানায়, গতকাল শনিবার বিমানবন্দরের বাইরের গেটে একটি ছোট ট্রাক বিস্ফোরণে উড়ে যায়। গাড়িটিতে পেট্রোলিয়াম জাতীয় পণ্য বহন করা হচ্ছিল।
বিস্ফোরণটি বেশ শক্তিশালী ছিল এবং অনেক দূর থেকে এর শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িঘরের জানালা ভেঙে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা ওই বিস্ফোরণে ১২ জন বেসামরিক লোক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। গুরুতর আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী ঘাঁটি এই এডেন। সৌদি আরব সমর্থিত জোটের এ অংশটি ছয় বছরেরও বেশি সময় ধরে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। এডেনে সরকার ও দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মধ্যে কয়েক বছর ধরে উত্তেজনা বিরাজ করছে। এ মাসের শুরুর দিকে এডেনে শহরের গভর্নরকে বহনকারী একটি গাড়িবহরকে লক্ষ্য করে একটি গাড়ি বোমা চালানো হয়েছিল। সে ঘটনায় ছয়জন মারা গেলেও গভর্নর প্রাণে বেঁচে যান।
দীর্ঘদিন ধরে চলে আসা এ যুদ্ধে অনেক প্রাণহানি হয়েছে। দেশটির ৮০ শতাংশ লোকের এখন সাহায্যের প্রয়োজন। জাতিসংঘ ইয়েমেনের পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় বলে বর্ণনা করেছে।