admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২১ ৯:৫২ পূর্বাহ্ণ
তথ্যমন্ত্রী বলেছে সাম্প্রদায়িক হামলার দায় এড়াতে পারে না ফেসবুক! দেশে সম্প্রতি যে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে, তার দায় ফেসবুক কর্তৃপক্ষ এড়াতে পারে না। প্রতিষ্ঠানটিকে অবশ্যই নোটিশ করা হবে। রোববার সচিবালয়ে এক বৈঠক শেষে এ কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এদিন তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সম্পাদক ফোরামের সঙ্গে বৈঠক করেন তিনি। কুমিল্লার ঘটনা সামাজিকমাধ্যমে আপলোড না হলে সারাদেশে তা ছড়িয়ে পড়তো না মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, রংপুরের পীরগঞ্জের ঘটনা একই কারণে ঘটেছে।
এর আগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও কক্সবাজারের রামুতে সামাজিকমাধ্যমের কারণে হামলার ঘটনা ঘটেছে। এক জরিপে দেখা গেছে, ৮০ শতাংশ ইউরোপিয়ান সামাজিকমাধ্যমকে অনেক ক্ষেত্রে গণতন্ত্রের জন্য, সমাজের শান্তির জন্য হুমকি মনে করে। বাংলাদেশের অবস্থা নিয়েও ইউরোপের পার্লামেন্টারি চেয়ারম্যান ও যুক্তরাজ্যের পার্লামেন্টারি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, জানান তিনি। এ ধরনের ঘটনা ঘটলে ইউরোপে সামাজিকমাধ্যম কর্তৃপক্ষকে ফাইন করা হয় উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, পরিচয় লুকিয়ে বা বিদেশ থেকে পোস্ট দেয়ায় ব্যক্তিকে খুঁজে পাওয়া কঠিন।
দেশে ঘটে যাওয়া ঘটনার দায় ফেসবুক কর্তৃপক্ষ এড়াতে পারে না। বিষয়টি নিয়ে ভাবার বিষয় এসেছে, বিশ্বব্যাপী এটি উদ্বেগ তৈরি করেছে। এ বিষয়ে চলতি সপ্তাহে বিভিন্ন মন্ত্রণালয় ও আইএমইডির সঙ্গে যোগাযোগ করা হবে জানিয়ে তিনি বলেন, ফেসবুকে পোস্ট দেয়ার পাশাপাশি যে পবিত্র কোরআন রেখেছে, যে করিয়েছে, পোস্ট যাচাই না করে হামলা করেছে- তারা সবাই দায়ী। আমরা সামাজিকমাধ্যম নিয়ন্ত্রণ করতে চাই না। তবে খারাপ কাজে ব্যবহার করা না হয়, যাতে স্বচ্ছতা থাকে- সেটিও দেখা দরকার।