admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২১ ১০:২২ পূর্বাহ্ণ
রংপুরের পীরগঞ্জের ঘটনার হোতা ছাত্রলীগ নেতা। পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে সাম্প্রতিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম হোতা সৈকত মন্ডলকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের দর্শন বিভাগের কমিটির সহ-সভাপতি পদে ছিলেন বলে জানা গেছে। তবে ঘটনার পরদিন তাকে অব্যাহতি দেয়া হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগ রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন। তিনি জানান, ২০১৭ সালের ৮ মে দর্শন বিভাগে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল, তাতে সহ-সভাপতি পদে ছিলেন সৈকত মন্ডল।

ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত সৈকত মন্ডল।
তবে সম্প্রতি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগের প্রেক্ষিতে গত ১৮ অক্টোবর তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সৈকত মন্ডলকে কমিটি থেকে অব্যাহতি দেয়ার কথা স্বীকার করেছেন কারমাইকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান সিজার। তিনি বলেন, ফেসবুকে উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দকে জানানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সৈকতের বাবা রাশেদুল ইসলাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হলেও তার দাদা আবুল হোসেন মণ্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। চাচা রেজাউল করিম স্থানীয় ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাদের দাবি, সৈকত মন্ডল নির্দোষ এবং ঘটনাক্রমে ষড়যন্ত্রের শিকার, ঘটনার সুষ্ঠু তদন্তও দাবি করেছেন তারা।
র্যাবের পক্ষ থেকে গতকাল শুক্রবার, ২২ অক্টোবর, দিবাগত রাতে ওই ঘটনায় অন্যতম হোতা হিসেবে সৈকত মন্ডল ও তার সহযোগী রবিউল ইসলামকে গ্রেপ্তারের কথা জানানো হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হিন্দুপল্লীতে হামলা ও অগ্নিসংযোগের তারা জড়িত বলে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাটি।