admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২১ ৯:০৮ অপরাহ্ণ
এফবিসিসিআই জানিয়েছে কারসাজিতে পেঁয়াজের দাম বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম আপনা-আপনি আকাশ ছোঁয়া হয়ে যায়নি বলে জানিয়েছে এফবিসিসিআই। দাম বৃদ্ধির পেছনে একটি মহলের কারসাজি ছিল বলে মনে করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি। আজ রোববার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। আমদানি শুল্ক কমানোর ঘোষণায় পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা কমেছে উল্লেখ করে তিনি বলেন, একদিনে ১৫ টাকা কমে যাওয়াই কারসাজির বড় প্রমাণ।
পেঁয়াজের দাম নির্ধারণে বাজারে সমস্যা না থাকলে এমনটি হওয়ার কথা নয়। কারসাজি নয়, সম্মানের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে চাই আমরা। ব্যবসায়ীদের উদ্দেশে এফবিসিসিআই সভাপতি বলেন, কোনো ধরনের কারসাজির প্রশ্রয় মেনে নেয়া হবে না। সংশ্লিষ্টদের কোনো সমস্যা থাকলে সেটি আমাদের জানান, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।
ভালোভাবে ব্যবসা করার এটিই সবচেয়ে ভালো উপায়, বিষয়টি আমাদের মনে রাখতে হবে। এ সময় পাইকার ও আড়তদার পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, পণ্যটি আমদানির বড় অংশই আসে ভারত থেকে। দেশটিতে অতিবৃষ্টি ও বন্যার কারণে পেঁয়াজ নষ্ট হওয়ায় আমদানিতে প্রভাব পড়েছে। সে কারণে দেশের বাজারে দাম বেড়েছে, এখানে তাদের কোনো হাত নেই।
শুল্ক কমানোর ঘোষণায় একদিনেই দাম কমার বিষয়ে যৌক্তিক উত্তর দিতে পারেননি পেঁয়াজ ব্যবসায়ীরা। ফলে ব্যবসায়ীদের কারণে যে পেঁয়াজের দাম বেড়েছে, সেটিই এখন পরিষ্কার হয়ে গেল বলে মনে করা হচ্ছে। তবে গোষ্ঠীগত স্বার্থে বিষয়টি নিয়ে কোনো ব্যবসায়ী নেতা সরাসরি কথা বলতে সম্মত হননি।