admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২১ ৫:০০ অপরাহ্ণ
মাদারীপুরের এই ভবনে পাওয়া যাবে সব সরকারি সেবা বাংলাদেশের বিভিন্ন স্থানে সরকারি সেবাগ্রহীতাদের বিড়ম্বনার শিকার হওয়ার কথা প্রায়ই উঠে আসে গণমাধ্যমে। মাদারীপুরে এই বিড়ম্বনা ছিল আরও বেশি। জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা সরকারি অফিসগুলোতে যাতায়াত ছিল খুবই কষ্টসাধ্য। জেলাবাসীর সেই কষ্টের দিন শেষ। এবার এক ভবনেই পাওয়া যাবে সব সরকারি সেবা। মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র শকুনী লেকের পাড়ে গড়ে উঠেছে দেশের প্রথম সমন্বিত সরকারি অফিস ভবন।
১০ তলা বিশিষ্ট ভবনটিতে রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। মোট ৪০টি সরকারি অফিস রয়েছে সেখানে। অর্থাৎ, এই একটি ভবনে এসেই সব সেবা নিতে পারবেন মাদারীপুরবাসী। ভবনটিতে রয়েছে ৪টি লিফট, পাঁচশ কেভিএ জেনারেটর এবং বিদ্যুতের সাবস্টেশন। ভবনের বাইরে এবং ভেতরে রয়েছে সিসিটিভি। গাড়ি পার্কিংয়ের জন্য বেশ বড় জায়গা রাখা হয়েছে। আছে সেবাগ্রহীতাদের বিশ্রামের স্থান। শারীরিকভাবে অক্ষম মানুষের জন্য রয়েছে হুইলচেয়ার ও এক্সেসিবল টয়লেট। আছে ক্যান্টিন, ডে কেয়ার সেন্টার এবং ব্যাংকের শাখা।
জেলাবাসীর ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে ২০১২ সালে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান প্রধানমন্ত্রীর কাছে এমন একটি সমন্বিত সরকারি অফিসের প্রস্তাব দেন। ২০১৬ সালে এসে একনেক সভায় সেটার অনুমোদন হয়। প্রকল্পের কাজ শুরু হয় ওই বছরের ডিসেম্বরে। ভবনটির নির্মাণ কাজ শেষ হয় চলতি বছরের জুনে।
এরপর গত ৩ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনটি উদ্বোধন করেন। সেখানে ৪০টি সরকারি অফিসের বরাদ্দ রয়েছে। তবে এখনও সবগুলো অফিস স্থানান্তর করা শেষ হয়নি। ভবনটিতে সব অফিস স্থানান্তর হয়ে পুরোদমে কাজ শুরু হতে আরও অন্তত মাসদুয়েক সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।