admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২১ ৮:৩৬ অপরাহ্ণ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ৮ বছরের জেল। লুৎফুজ্জামান বাবরকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় তাকে এই সাজা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. শহিদুল ইসলামের আদালত এই আদেশ দেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করা হয়। প্রায় ঘণ্টাখানেক পর বিচারক রায় ঘোষণা করেন।
৮ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ২০০৭ সালের ২৬ জুলাই থেকে কারাগারে থাকা লুৎফুজ্জামান বাবর ইতোমধ্যেই সাজার মেয়াদ শেষ করে ফেলেছেন।
তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকাকালে ২০০৭ সালের ২৮ মে লুৎফুজ্জামান বাবরকে আটক করা হয়। এরপর অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করা হয় ২০০৮ সালের ১৩ জানুয়ারি। বিচারের সব প্রক্রিয়া শেষে গত ৪ আগস্ট রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়। সে অনুযায়ী আজ রায় ঘোষণা করা হলো।