admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২১ ৬:১৪ অপরাহ্ণ
ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। আজ রোববার, ৩ অক্টোবর, বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, শফিকুল ইসলাম (২০) নামে নিহত যুবক ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগ্রা গ্রামের বছির উদ্দিনের ছেলে বলে জানা গেছে। আহতদের মধ্যে অনুপম ঘোষ (৩২) নামে এক পুলিশ সদস্যও রয়েছেন। এ ঘটনার পর ঝিনাইদহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা। তিনি বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে শফিকুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমাইল হোসেন জানান, দুপুরে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। বিস্ফোরণে মালখানা ঘরটি পুরোপুরি তছনছ হয়ে গেছে।
খবরে পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ সময় একজনকে মৃত ঘোষণা করা হয়। অ্যাডভোকেট ইসমাইল হোসেন আরও জানান, ওই মালখানার ভেতরে গত কয়েক দিন ধরে সংস্কারের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, মেশিনের কারণে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে।