admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২১ ৯:১৮ পূর্বাহ্ণ
আজ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে পরবর্তী তিন দিন কর্মবিরতির ডাক দিয়েছেন পণ্যবাহী পরিবহনের মালিক ও শ্রমিকরা। ১৫ দফা দাবি পূরণ না হওয়ায় পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে। এদিন সকাল ৬টা থেকে পরবর্তী ৩ দিন এই কর্মবিরতি চলবে। সোমবার এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার মালিক অ্যাসোসিয়েশন এবং ট্রাকচালক শ্রমিক ফেডারেশন।
এ তথ্য নিশ্চিত করেছেন কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার মালিক অ্যাসোসিয়েশনের অফিস সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহ। তিনি জানান, তাদের এ কর্মবিরতি টানা ৭২ ঘণ্টা চলবে। তিনি জানান, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, সকাল ৬টা থেকে আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টা এসব পরিবহনের সংশ্লিষ্টরা কর্মবিরতি পালন করবেন।
মোহাম্মদ আবদুল্লাহ আরও জানান,এর আগে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মকবুল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তার আগে চট্টগ্রাম নগরীর কদমতলীতে আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যালয়ে গত শনিবার, ১৮ সেপ্টেম্বর, আয়োজিত এক অনুষ্ঠানে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। ওই সময় জানানো হয়, আগামী ১৯ সেপ্টেম্বর তথা রোববারের মধ্যে ১৫ দফা দাবি না মানলে সারাদেশে ২১ সেপ্টেম্বর থেকে কর্মবিরতি শুরু হবে।