admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২১ ১২:০৫ অপরাহ্ণ
বাংলাদেশের ঢাকা বিমানবন্দরে পিসিআর পরীক্ষাগারের দাবিতে অনশন। দেড় বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারিতে কাঁপছে বাংলাদেশসহ গোটা বিশ্ব। এতদিনেও দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে র্যাপিড আরটি-পিসিআর পরীক্ষাগার স্থাপন করা হয়নি। দ্রুত এই পরীক্ষাগার স্থাপনের দাবিতে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন প্রবাসীরা। এই দাবিতে আজ মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিচে অবস্থান নেন শতাধিক প্রবাসী।
সেখান থেকে দাবির পক্ষে নানা স্লোগান দেয়ার পাশাপাশি অনশনের ঘোষণা দেয়া হয়। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে আরটি-পিসিআর পরীক্ষাগার স্থাপনের ব্যবস্থা না নেয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার কথাও জানানো হয়। অনেক দিন ধরে দাবি জানানো হলেও সরকার তাতে ভ্রূক্ষেপ করছে না বলে অভিযোগ করেন কর্মসূচিতে অংশ নেয়া প্রবাসীরা। তারা বলেন, সারা বিশ্বে করোনার সংক্রমণ কমায় স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। আকাশপথ খুলে দেয়ায় বিদেশে কর্মস্থলে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
কিন্তু দেশের একটি আন্তর্জাতিক বিমানবন্দরেও আরটি-পিসিআর পরীক্ষাগার না থাকায় এই সুযোগ কাজে লাগাতে পারছেন না। এর আগে গত ৬ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষার ব্যবস্থা করতে নির্দেশ দেয়া হয়। বিমানবন্দরগুলো হলো- ঢাকার হযরত শাহজালাল, চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।
এই নির্দেশের পরে সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো পরীক্ষাগার স্থাপনের প্রক্রিয়া শুরু হয়নি বলে জানা গেছে। এমতাবস্থায় কর্মস্থলে ফিরতে না পেরে বিপদে পড়েছেন উল্লেখ করে প্রবাসীরা বলেন, সরকার এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা না নিলে সমস্যা তৈরি হবে।
বিষয়টি মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের বক্তব্যেও উঠে এসেছে। মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি জানান, প্রবাসীদের ক্ষেত্রে বিমান উড্ডয়নের আগের ৪-৮ ঘণ্টার মধ্যে পিসিআর পরীক্ষার নতুন শর্ত দিচ্ছে বিভিন্ন দেশ। বিশ্বের প্রায়সব বড় বিমানবন্দরে এই সুবিধা রয়েছে। প্রাথমিকভাবে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর পিসিআর পরীক্ষাগার স্থাপন করা হবে।