admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ
রাজবাড়ী জেলা টিকার নিবন্ধন করতে গিয়ে দেখলেন তিনি মৃত! করোনাভাইরাসের টিকা নিতে হলে স্বাস্থ্য বিভাগের সুরক্ষা অ্যাপে গিয়ে নিবন্ধন করা বাধ্যতামূলক। সে হিসেবে স্থানীয় কম্পিউটারের দোকানে গিয়ে নিবন্ধনের চেষ্টা করেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বাসিন্দা আনোয়ার হোসেন।
মুহূর্তের অন্যদের নিবন্ধন সম্পন্ন হলেও তার নিবন্ধন সম্ভব হচ্ছিল না। অনেক চেষ্টার এক পর্যায়ে দেখা গেল, তিনি মৃতের তালিকায়! আজ বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি জানতে পারেন তিনি। সকালে কম্পিউটারের দোকানে যখন কোনোভাবেই নিবন্ধন করা সম্ভব হচ্ছিল না, তখন উপজেলা নির্বাচন কার্যালয়ে খোঁজ নিতে যান।
সেখানে অনেক খোঁজাখুঁজির পর মৃতদের তালিকায় পাওয়া গেল তাকে। এতে বাকরুদ্ধ হয়ে পড়েন স্থানীয় একটি মাদরাসার শিক্ষক আনোয়ার হোসেন। তিনি বলেন, ২০০৮ সালে আমি ন্যাশনাল আইডি কার্ড পেয়েছি। এতদিন এর কোনো প্রয়োজন হয়নি। এখন টিকার নিবন্ধনের ক্ষেত্রে প্রয়োজন হওয়ায় যাছাই করতে গিয়ে দেখি এই অবস্থা! এটা খুবই দুঃখজনক।
বালিয়াকান্দি উপজেলার নির্বাচন কর্মকর্তা নিজামউদ্দিন বলেন, ঘটনাটি বিব্রতকর। নির্দিষ্ট সময় অন্তর মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার কাজটি করা হয়। এক্ষেত্রে করণিকের ভুলে হয়তো জীবিত আনোয়ার হোসেনের নাম মৃতের তালিকায় চলে গেছে। তাই তার আইডি কার্ডটিও অকার্যকর হয়ে গেছে।
ভুক্তভোগীকে স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিয়ে আসতে বলা হয়েছে। সেটা আনলেই সমস্যাটা ঠিক করে দেওয়া হবে। বলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজামউদ্দিন।