admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জুলাই, ২০২১ ১১:০৩ পূর্বাহ্ণ
বাংলাদেশে ঈদ – উল- আজহা উপলক্ষে টিকাদান কর্মসূচি চারদিন বন্ধ থাকবে। করোনাভাইরাস প্রতিরোধে দেশে চলমান টিকাদান কর্মসূচি চারদিন বন্ধ থাকবে। পবিত্র ঈদুল আজহা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ সময় গণটিকাদান কার্যক্রম স্থগিত রাখার কথা জানানো হয়েছে। আজ ২০ জুলাই থেকে ২২ জুলাই- এই তিনদিন ঈদের ছুটি এবং ২৩ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি। ২৪ জুলাই থেকে আবারও শুরু হবে এই কর্মসূচি।
গতকাল সোমবার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের এমআইএস বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান। তিনি বলেন, টিকা কার্যক্রম সংক্রান্ত নির্দেশনায় আগে থেকেই সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির দিন টিকা কার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী টিকা কার্যক্রম চলবে না।
দেশে রীতিমতো মরণ কামড় দিয়ে বসেছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৩১ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। শনাক্ত করা হয়েছে ১৩ হাজারেরও বেশি আক্রান্ত রোগীকে। সংক্রমণ এবং মৃত্যুর এই উল্লম্ফন থামাতে ১৪ দিনের সর্বাত্মক লকডাউনে আবদ্ধ ছিল দেশ। এরপর ঈদ উপলক্ষে বর্তমানে তা শিথিল করা হয়েছে।