admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মে, ২০২১ ১০:০৬ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আজ ১৭ মে। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। প্রায় ৬ বছর নির্বাসিত থাকার পর নিদারুণ অনিশ্চয়তা মাথায় নিয়ে ১৯৮১ সালের এই দিনে দেশের মাটিতে পা রাখেন তিনি। সেই থেকে নানা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি আর শাসনব্যবস্থার শীর্ষ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনা সভার আয়োজন করা হবে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এর আয়োজন করবে। একই দিন (১৭ মে) বিকাল ৩টায় মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান হবে।
এ ছাড়া শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারাদেশে মসজিদ, মন্দির, গির্জা এবং প্যাগোডায় বিশেষ দোয়া, প্রার্থনার আয়োজন করা হয়েছে। কর্মসূচি ঘোষণা করতে গিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বড় কর্মসূচি দিলে মানুষের বাঁধভাঙা জনস্রোতের কারণে করোনা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই ঘরোয়াভাবে অত্যন্ত সীমিত আকারে কিছু কর্মসূচি পালন করা হবে।