admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ মে, ২০২১ ১:১১ অপরাহ্ণ
আবওহায়া অধিদপ্তর পূর্বাভাস বলা হয়েছে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে দেশের পশ্চিম, মধ্য ও দক্ষিণাঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের আজ শনিবার সন্ধ্যায় প্রকাশিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, যশোর, কুষ্টিয়া, মাদারীপুর, নোয়াখালী, পাবনা, পটুয়াখালী, ফরিদপুর, কুমিল্লা ও রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘণ্টায় যার গতিবেগ ৪৫ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। এ ছাড়া সিলেট অঞ্চলেও একই রকম ঝড় বয়ে যেতে পারে।
এমতাবস্থায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।এদিকে, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস। আগামীকাল রোববার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছ, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আজ শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায়, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশে এদিন সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৬১ মিলিমিটার। ঢাকায় আজ সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ছিল ৪৩ শতাংশ।