admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ মে, ২০২১ ১২:৩৫ অপরাহ্ণ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার যে আবেদন করা হয়, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। আইন মন্ত্রণালয়ের যাছাই-বাছাই ও মতামতের পর আজ রোববার (৯ মে) সকালে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, খালেদা জিয়ার আবেদনের প্রেক্ষিতে আইনমন্ত্রী তার মতামত দিয়েছেন, এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়।
তবে কী মতামত দিয়েছেন আাইনমন্ত্রী আনিসুল হক, তা জানা যায়নি। গত বুধবার (৫ মে) দিবাগত রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে করা লিখিত আবেদন পৌঁছে দেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন, আইনি প্রক্রিয়াগুলো যাচাই-বাছাই করে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গত ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে দুই দফায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ গত ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তি করার পর শ্বাসকষ্ট দেখা দেয়। পরে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয় তাকে।