admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২১ ৬:৩৬ অপরাহ্ণ
ফেনী শহরের ট্রাংক রোডে যুবকের সঙ্গে হাতাহাতি সেই এসআই প্রত্যাহার। গতকাল সোমবার ফেনী শহরের ট্রাংক রোডে ওই ঘটনা ঘটে। এর পর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ানো ওই যুবক মানসিকভাবে অসুস্থ ছিলেন। পুলিশ সদস্যরা তার সঙ্গে আরো দায়িত্বশীল আচরণ করতে পারতেন। জানা গেছে, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী স্বাক্ষরিত এক আদেশে এসআই যশোমন্ত মজুমদারকে ফেনী মডেল থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
স্থানীয়রা জানান, পুলিশের সঙ্গে তর্কাতর্কি ও এক পর্যায়ে ধ্বস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়া ওই যুবকের নাম শহিদ। তিনি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের বাসিন্দা। ক্ষমতাসীন দলের যুব সংগঠন যুবলীগের সক্রিয় সদস্যও তিনি। এ বিষয়ে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ওমর হায়দার জানান, শহরের ট্রাংক রোড থেকে আটক যুবক শহীদের মানসিক সমস্যা রয়েছে। হাজতখানায় রাখার পর তিনি চিৎকার শুরু করেন। এক পর্যায়ে পরিবারের লোকজন ডেকে আনা হয় এবং তারাও মানসিক সমস্যার কথা জানায়। পরে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।