admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২১ ১:২৪ অপরাহ্ণ
হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে ৭ দিনের রিমান্ডে। কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টা ৩৩ মিনিটের দিকে এই রিমান্ড মঞ্জুর করা হয়। শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী। শুনানিতে মামুনুল হকের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ। তিনি রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।
এর আগে গতকাল রোববার বেলা পৌনে ১টার দিকে মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে গ্রেপ্তার করে ডিএমপি তেজগাঁও বিভাগ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ২০২০ সালে ভাঙচুর ও নাশকতার ঘটনায় মোহাম্মদপুর থানায় করা একটি মামলার তদন্ত চলছিল। তদন্তে ঘটনার সঙ্গে হেফাজত নেতা মামুনুলের সম্পৃক্ততার বিষয়টি সুস্পষ্ট হয়েছে। এর পরই তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।