admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ মার্চ, ২০২১ ৫:২৩ অপরাহ্ণ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ফুসফুসে হালকা সংক্রমণ, খেতে পারছেন না। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী। গত বৃহস্পতিবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ফুসফুসেও হালকা সংক্রমণ দেখা দিয়েছে। তিনি কিছু খেতে পারছেন না। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম আজ শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, স্কয়ার হাসপাতালের কোভিড ইউনিটের কেবিনে তার চিকিৎসা চলছে। কিন্তু তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। ডা. রফিকুল ইসলাম আরো জানান, রুহুল কবির রিজভীর জ্বর কমেনি, থেমে থেমে জ্বর আসছে। ফুসফুসে সামান্য ইনফেকশন (সংক্রমণ) দেখা দিয়েছে, সেইসঙ্গে আছে কাশিও। তাছাড়া খাবারও খেতে পারছেন না তিনি।
এদিকে, রিজভী আহমেদের পরিবারের পক্ষ থেকে তার রোগ মুক্তির জন্য দলীয় নেতাকর্মী এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার (রিজভী) ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার। প্রসঙ্গত, সম্প্রতি বেশ কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এর পর করোনা টেস্ট করানো হলে গত ১৭ মার্চ (বুধবার) তার রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় আইসোলেশনে থাকলেও বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।