admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২১ ১:২৫ অপরাহ্ণ
আজ ১৮মার্চ সিঙ্গাপুর থেকে মওদুদ আহমদের মরদেহ ঢাকায় আসছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ বৃহস্পতিবার (১৮ মার্চ) সিঙ্গাপুর থেকে ঢাকায় আসছে। বাংলাদেশ বিমানে করে মরদেহ নিয়ে আসা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে বিএনপির প্রয়াত এই নেতার মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশানে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে। শুক্রবার (১৯ মার্চ) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গন ও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে শেষে মওদুদ আহমদের মরদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে নোয়াখালীর কোম্পানীগঞ্জে।
কোম্পানীগঞ্জে বাদ আসর কোম্পানীগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজার পর বসুরহাটেও জানাজা হবে। পরে নিজের বাড়ির আঙিনায় আরো একটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে। এদিকে, ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার ঢাকাসহ দেশজুড়ে এক দিনের শোক পালন করছে বিএনপি। বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
গত ১৬ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির এই সিনিয়র নেতা। দীর্ঘদিন ধরে নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। ব্যারিস্টার মওদুদ আহমেদ-এর জন্ম ১৯৪০ সালের ২৪ মে। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি ও মন্ত্রী ছিলেন। বিএনপি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম তিনি।